অনলাইন ডেস্ক

বিজ্ঞানীরা মঙ্গলে মানব বসতির জন্য সম্ভাবনাময় একটি অবতরণস্থল চিহ্নিত করেছেন, যা ভবিষ্যৎ মানব অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সায়েন্স ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, এই স্থলের নাম অ্যামাজোনিস প্লানিশিয়া, যা গ্রহটির মধ্য-অক্ষাংশ এলাকায় অবস্থিত।
গবেষকদের মতে, এই অঞ্চলের বড় বৈশিষ্ট্য হলো পর্যাপ্ত সূর্যালোক, তুলনামূলক নিরাপদ সমতল ভূমি এবং ভূপৃষ্ঠের কাছাকাছি বরফের উপস্থিতি। মধ্য-অক্ষাংশে সূর্যের আলো ও তাপমাত্রার ভারসাম্য বজায় থাকায় বরফ সহজে গলে যায় না এবং মাটির কাছেই সংরক্ষিত থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখানে এক মিটারেরও কম গভীরে বরফের স্তর রয়েছে, যা পানীয় জল, শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন এবং জ্বালানি তৈরিতে ব্যবহারযোগ্য।
মিসিসিপি মিনারেল রিসোর্সেস ইনস্টিটিউটের গ্রহ-ভূতত্ত্ববিদ এরিকা লুজ্জি বলেন, “এটি তুলনামূলক সমতল হওয়ায় নিরাপদে অবতরণ করা সম্ভব। পাশাপাশি পর্যাপ্ত সূর্যালোক থাকায় সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনও সহজ হবে।”
ইতালিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানী জিয়াকোমো নোদজুমি বলেন, “চাঁদের ক্ষেত্রে পৃথিবী থেকে দ্রুত সহায়তা নেওয়া সম্ভব হলেও মঙ্গলের জন্য তা মাসের পর মাস সময় নিতে পারে। তাই মঙ্গলে টিকে থাকার জন্য পানি ও অক্সিজেনের মতো মৌলিক সম্পদ সেখানে থাকা অত্যন্ত জরুরি।”
গবেষকরা আরও জানাচ্ছেন, বরফের উপস্থিতি মঙ্গলে অতীতের জীবনের চিহ্ন বা বায়োমার্কার খুঁজে পেতে সহায়তা করতে পারে। এই কারণেই অ্যামাজোনিস প্লানিশিয়াকে ভবিষ্যৎ মঙ্গল অভিযানের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মঙ্গলগ্রহে মানুষের সম্ভাব্য বসতি স্থাপনের দিকে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং আগামীর গবেষণা ও অভিযানে নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করছে।


