অনলাইন ডেস্ক

রোজা এলেই বাঙালির ইফতারের আয়োজনে যোগ হয় নানা ধরনের পানীয়। কাঠফাটা গরমে সারাদিন রোজা রাখার পর শরীর ও মনকে প্রশান্ত করতে ঠান্ডা শরবতের কদর বেড়ে যায় কয়েকগুণ। প্রচলিত নানা পানীয়র মধ্যে গরমে তৃষ্ণার্ত রোজাদারদের প্রাণ জুড়াতে অন্যতম জনপ্রিয় একটি নাম—‘মাঠা’।
গ্রাম থেকে শহর—সবখানেই ইফতারের বাজারে সহজলভ্য এই দুগ্ধজাত পানীয়। চাইলে খুব সহজেই বাসায় তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর মাঠা।
পুষ্টিগুণে ভরপুর
মাঠায় রয়েছে প্রচুর পটাশিয়াম ও ভিটামিন ‘বি’। এছাড়া এতে থাকে বিভিন্ন ধরনের মিনারেলস ও অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। গরমে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি হজমশক্তি উন্নত করতেও মাঠা কার্যকর। অনেকের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে মাঠা পান করলে ঘুমের মানও ভালো হয়।
মাঠা বানাতে যা লাগবে
-
টক দই (পরিমাণমতো)
-
চিনি (স্বাদমতো)
-
লবণ (স্বাদমতো)
-
পেস্তা বা কাজুবাদাম বাটা
-
লেবুর রস
-
বরফ কুচি
-
পরিমাণমতো পানি
যেভাবে তৈরি করবেন
প্রথমে টক দইয়ের সঙ্গে অল্প পানি মিশিয়ে একটু পাতলা করে নিন। এরপর ডাল ঘুটনি বা হুইস্ক দিয়ে ভালোভাবে ঘুটতে থাকুন। কিছুক্ষণ পর ওপরে ক্রিম ভেসে উঠবে—সেগুলো তুলে ফেলুন।
এরপর ওই ক্রিম তোলা দইয়ের সঙ্গে বাকি পানি, চিনি, লবণ, বাদাম বাটা ও সামান্য লেবুর রস মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। সবশেষে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু মাঠা।
রোজার ক্লান্তি দূর করতে ইফতারের টেবিলে রাখতে পারেন সহজে তৈরি এই পুষ্টিকর পানীয়। স্বাদ ও স্বাস্থ্য—দুই দিক থেকেই মাঠা হতে পারে গরমের দিনে সেরা পছন্দ।


